কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে লাকসাম থানা পুলিশের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে মারাত্মক ক্ষতির মুখে ফেলে।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এর জন্য শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
সমাবেশের শেষ পর্যায়ে বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
