প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিরোধী দল দোষ চাপিয়ে দেবে, এটা তারা করবেই। তবে অহেতুক দোষারোপ করা উচিত নয়। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে এবং দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রাজপথের চেয়ে সংসদই উত্তম জায়গা। তারা সেখানে গিয়ে নিজেদের যুক্তি তুলে ধরুক। অযৌক্তিক আন্দোলন করে তারা জনগণের ভোগান্তি তৈরি করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক হবে না। উপদেষ্টা বলেন, ভূগর্ভে প্রচুর গ্যাসের মজুত থাকা সত্ত্বেও তা উত্তোলন না করে দেশি-বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে ১৭ বছর ধরে এলএনজি আমদানির দিকে ঝুঁকে ছিল। বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি সমাধান হতে দুই বছর সময় লাগতে পারে। তবে সংকট সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।
ডা. জাহেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিপন্নপ্রায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে হবে। এ ছাড়া সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান প্রমুখ।
