বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ফুটবলাররা। তবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচে সবার নজর কেড়ে নিয়েছে এক বিশেষ দর্শক—একটি কুকুর। স্টেডিয়ামের প্রিমিয়াম আসনে মালিকের পাশে বসে খেলা দেখতে দেখা যায় তাকে। শুধু তা-ই নয়, তার কানে ছিল বিশেষ শব্দরোধী হেডফোন, যা তাকে স্টেডিয়ামের তীব্র শব্দ থেকে সুরক্ষা দিচ্ছিল।
ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরা যখন কুকুরটির দিকে ফোকাস করে, তখনই মুহূর্তটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি হাজার হাজার মানুষ শেয়ার করেন। ফুটবলপ্রেমীরা মজার মজার মন্তব্যও করেন। কেউ লেখেন, ‘বিশ্বকাপের সবচেয়ে শান্ত সমর্থক’, আবার কেউ বলেছেন, ‘স্টেডিয়ামের সবচেয়ে ভদ্র দর্শক সম্ভবত এ কুকুরটিই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচজুড়েই কুকুরটি শান্তভাবে বসেছিল এবং আশপাশের পরিবেশ উপভোগ করছিল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন দৃশ্য খুব কমই দেখা যায়, তাই ঘটনাটি দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে।
অন্যদিকে, মাঠের লড়াইটিও ছিল দারুণ নাটকীয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় কেপ ভার্দের বিপক্ষে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
তবে ম্যাচের ফলের পাশাপাশি সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এ চারপেয়ে সমর্থক। অনেকের মতে, বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে মজার ও স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে ‘ভিআইপি কুকুর’-এর এ উপস্থিতি।
