ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফরের আগে উপযুক্ত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার মতে, বর্তমান পরিস্থিতিতে সফরের জন্য এখনো প্রত্যাশিত পরিবেশ তৈরি হয়নি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতিমূলক কাজ করছিলেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের মধ্য দিয়ে সফরের প্রস্তুতি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে ঢাকা।

শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি বলে বাংলাদেশ সরকার মনে করে। বর্তমান পরিস্থিতিতে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতে অবস্থানরত বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা বিভিন্ন ব্যক্তিকে নিয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তসহ ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিদের দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের স্পর্শকাতর বিষয়গুলোতে কার্যকর অগ্রগতি এবং সফরের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে ঢাকা।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026