ঢাকা | বঙ্গাব্দ

সংসদে দেওয়া ১০ সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
সংসদে দেওয়া ১০ সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত ছবির ক্যাপশন:
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের দেওয়া ১০ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘২১ মে জ্বালানিসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা ১০ দফা সুপারিশ জমা দেন। ৭ জুন কমিটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়। ওই সুপারিশে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাস জাতীয় ব্যবস্থায় যুক্ত করা, স্থল ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত চালু, জ্বালানি সরবরাহে ডিজিটাল মনিটরিং এবং রুফটপ সোলার সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজে রয়েছে সরকারকে তার পরিষ্কার জবাব দিতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনার দরকার নেই। বিরোধী দলের ১০ দফা বাস্তবায়ন করুন।’

সংবাদ সম্মেলনে আগামী ৯০ দিনের মধ্যে ছয়টি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে-দ্রুত ফলদায়ক গ্যাসকূপে ওয়ার্কওভার, বন্ধ ও কম উৎপাদনশীল কূপের তালিকা প্রকাশ, ভোলার গ্যাস অন্তর্বর্তীভাবে ব্যবহারের ব্যবস্থা বাড়ানো, অবৈধ গ্যাস সংযোগ ও সিস্টেম লস কমানো, গ্যাস বণ্টনের সময়সূচি প্রকাশ এবং এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা দ্রুত কার্যকর করা।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘শুধু নতুন এফএসআরইউ দিয়ে গ্যাস সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এলএনজি আমদানির ব্যয়, সরবরাহ চুক্তি, পাইপলাইন সক্ষমতা ও দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়েও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে সংকট মোকাবিলায় ‘ন্যাশনাল ইমারজেন্সি এনার্জি সেল’ গঠন, জরুরি কাজের অনুমোদন প্রক্রিয়া সহজ করা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরুর সময় ও ট্যারিফ প্রকাশ, জরুরি দরপত্র মূল্যায়নে স্থায়ী ব্যবস্থা এবং অগ্রাধিকার প্রকল্পে একক তদারকি ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

আমির হামজার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ : এদিকে এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার কুষ্টিয়া-৩ আসনের সংসদ-সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার বিকালে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের নগ্ন হামলা অত্যন্ত উদ্বেগজনক। আর এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা

Logo

সংসদে দেওয়া ১০ সুপারিশ বাস্তবায়ন চায় জামায়াত

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 17, 2026