ঢাকা | বঙ্গাব্দ

ফেসবুক মন্তব্যে গালিগালাজ ও হুমকির অভিযোগ এমপি মোবাশ্বের আলমের বিরুদ্ধে

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ফেসবুক মন্তব্যে গালিগালাজ ও হুমকির অভিযোগ এমপি মোবাশ্বের আলমের বিরুদ্ধে ছবির ক্যাপশন:
ফেসবুকে রাজনৈতিক মন্তব্যের জেরে সমালোচকদের অশালীন ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য  মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একজন সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে এমন ভাষা ব্যবহার ও হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে। ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মোবাশ্বের আলম ভূঁইয়া। সেখানে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’
পোস্টটির নিচে সৌরভ হোসেন সরওয়ার নামে একজন মন্তব্য করেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’
এর জবাবে এমপির ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘তোকে হিসাব করার জন্য কে দায়িত্ব দিছে?’
একই পোস্টে আলাউদ্দিন নাহিদ নামে আরেক ব্যক্তি মন্তব্য করেন, ‘ছেলেকে প্রতিষ্ঠিত করে দিল বাপে, এখন ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বাপকে বলে আপনার কী অবদান আমার পেছনে! বিষয়টা এরকম হয়ে গেল না? আপনি একজন বর্তমান এমপি, আমরা আপনাকে সম্মান করি। নিজের সম্মান ধরে রাখতে শিখুন, এখনো সময় আছে।’
এর জবাবে সংসদ সদস্যের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘তোকে কানে আর গালে মারমু।’
এমপির বক্তব্য
বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিজের মন্তব্যের বিষয়ে অনুতপ্ত হওয়ার কথা জানাননি মোবাশ্বের আলম ভূঁইয়া। বরং তিনি বলেন, ‘আমি যা লিখেছি সত্য লিখেছি। তাকে (সৌরভ) খোঁজা হচ্ছে ধরার জন্য। এটি কোনো এডিট করা স্ক্রিনশট নয়, আমি যা বলেছি সত্য বলেছি।’
নিজের ব্যবহৃত ভাষার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গালি দিয়েছি। তার বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছি, পেলে ধরে নিয়ে আসব। বিএনপির ঘরানার লোক হয়ে আমাকে বেইজ্জতি করলে আমি কি তাকে “আই লাভ ইউ” বলব? সোজাসাপটা হিসাব।’
ঘটনাস্থল আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা উল্লেখ করে এমপি দাবি করেন, সেখানে নিজ দলের লোকজনের এমন আচরণ তিনি মেনে নেবেন না।
তবে জনপ্রতিনিধির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে অশালীন ভাষা ব্যবহার এবং কাউকে ধরে আনার বা শারীরিকভাবে আঘাতের হুমকি দেওয়ার অভিযোগকে শিষ্টাচারবহির্ভূত বলে মনে করছেন সচেতন নাগরিকদের অনেকে। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল ও সংযত আচরণ প্রত্যাশিত।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

Logo

ফেসবুক মন্তব্যে গালিগালাজ ও হুমকির অভিযোগ এমপি মোবাশ্বের আলমের বিরুদ্ধে

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026