খেলা শেষ কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’
শিষ্যদের পারফরম্যান্সে প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।’
কেপ ভার্দের এই প্রধান কোচ আরও বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তবে দুঃখ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, তারা কাঁদছিল। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এটাই আমাদের উন্নতি করতে সাহায্য করবে।’
